ঈদুল আজহায় স্কুল-কলেজে টানা ১৬ দিন ছুটি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ন, ০৮ মে ২০২৬ | আপডেট: ৫:৫২ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্বঘোষিত ছুটির সূচি অনুযায়ী স্কুল-কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিনের ছুটি ভোগ করবেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ওইদিন সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে যথারীতি অফিস করতে হবে।

তবে সরকারি অফিসের ছুটিতে পরিবর্তন আনা হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ছুটির ক্যালেন্ডারে কোনো পরিবর্তন করা হয়নি।

আরও পড়ুন: দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, প্রাণহানি বেড়ে ৯১৮

২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে। এই ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। মাঝখানে সাপ্তাহিক শুক্র ও শনিবার যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি উপভোগ করতে পারবে।

একইভাবে কলেজ পর্যায়েও মূল ঈদের ছুটি ১২ দিনের হলেও সাপ্তাহিক বন্ধসহ মোট ছুটি দাঁড়াবে ১৬ দিনে।

অন্যদিকে মাদ্রাসাগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হবে ২৪ মে এবং শেষ হবে ১১ জুন। সাপ্তাহিক বন্ধ মিলিয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা টানা ২১ দিনের ছুটি পাচ্ছে।