শেনঝেন বৈঠক: নতুন বিশ্বব্যবস্থার সমীকরণ

Sadek Ali
কাজী জিয়া উদ্দিন
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:২৪ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ২১টি অর্থনীতির অংশগ্রহণে ২০২৬ সালের APEC (Asia-Pacific Economic Cooperation) সম্মেলন ১৮–১৯ নভেম্বর চীনের শেনঝেনে অনুষ্ঠিত হয়েছে। মুক্ত বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তিগত উদ্ভাবন, আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা ছিল সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তবে এবারের সম্মেলন কেবল অর্থনৈতিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বিশ্বরাজনীতির তিন প্রধান শক্তি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক সম্মেলনটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। ১৯ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই সম্মিলন নতুন বিশ্বব্যবস্থার সম্ভাব্য সমীকরণ নিয়ে আন্তর্জাতিক আলোচনার জন্ম দিয়েছে।

এই বৈঠকের আগে ট্রাম্পের ম্যানিলা সফরও বিশেষ তাৎপর্য বহন করে। ১৬–১৮ নভেম্বর ফিলিপাইনের রাজধানীতে ৪৯তম ASEAN সম্মেলন ও সংশ্লিষ্ট শীর্ষ বৈঠকে তাঁর অংশগ্রহণ ছিল এশিয়া-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও কৌশলগত অবস্থান জোরদারের অংশ। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং দক্ষিণ চীন সাগরের নিরাপত্তা নিয়েও যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে। ম্যানিলায় আঞ্চলিক মিত্রদের সঙ্গে যোগাযোগ জোরদার করে পরবর্তী গন্তব্য শেনঝেনে চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে বৈঠকে বসা—ট্রাম্পের এই সফরসূচি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পরিবর্তনশীল শক্তির ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।

আরও পড়ুন: রসগোল্লা: ঐতিহ্য সময়ের সাথে রসগোল্লার বিবর্তন

১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও যুদ্ধোত্তর বিশ্বব্যবস্থার রূপরেখা নির্ধারণে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটেনের তিন নেতা এক টেবিলে বসেছিলেন। প্রায় ৮১ বছর পর শেনঝেনের এই সম্মিলনকে ঘিরে প্রশ্ন উঠেছে, বিশ্ব কি আবারও তিন পরাশক্তির প্রভাববলয়ে বিভক্ত হওয়ার পথে?

প্রাথমিক মূল্যায়ন বলছে, এটি নতুন ইয়াল্টা নয়। ইউক্রেন, তাইওয়ান কিংবা অন্য কোনো ভূখণ্ডের ভবিষ্যৎ ভাগাভাগি করে নেওয়ার মতো কার্যকর সমঝোতার প্রমাণ মেলেনি। বরং আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তিন বৃহৎ শক্তির অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি বিষয়—জাতিসংঘের সংস্কার ও কার্যকারিতা বৃদ্ধি, পেট্রোলিয়ামজাত জ্বালানির উৎপাদন ও সরবরাহ সম্প্রসারণ এবং পারমাণবিক যুদ্ধের ঝুঁকি হ্রাস ও অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে সংলাপ। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির প্রশ্নও আলোচনায় এসেছে।

আরও পড়ুন: ২১ নভেম্বর: রণাঙ্গনের ঐক্য, সামরিক বিজয়ের ভিত্তি এবং স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের ঐতিহাসিক দিন

তবে ঘোষণার ভাষা যতটা উচ্চাভিলাষী, বাস্তব অগ্রগতি ততটা নয়। পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা কিংবা কার্যকর চুক্তির কাঠামো নির্ধারিত হয়নি। ইউক্রেন ও ইরানের যুদ্ধের প্রশ্নেও যৌথ ঘোষণায় কোনো বাস্তব সমাধান আসেনি। ফলে বৈঠকটির তাৎপর্য আপাতত চুক্তির চেয়ে কূটনৈতিক প্রতীকী অবস্থানেই বেশি।

The Guardian-এর বিশ্লেষণে বৈঠকের ঘোষণায় ইউক্রেন যুদ্ধের অনুপস্থিতি, আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর চাপ এবং বাস্তব ফলাফলের সীমাবদ্ধতার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অন্যদিকে The Washington Post-এর ১৯ নভেম্বরের বিশ্লেষণে বৈঠকের আরও গভীর একটি তাৎপর্য তুলে ধরা হয়েছে। পত্রিকাটির মতে, তিন নেতার সবচেয়ে উল্লেখযোগ্য অভিন্ন অবস্থান ছিল আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরাশক্তির ওপর আরোপিত সীমাবদ্ধতা শিথিল করার আগ্রহ।

জাতিসংঘের সংস্কারের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের বিচারিক দায়মুক্তির পক্ষে তাদের অবস্থান এই উদ্বেগকে আরও স্পষ্ট করেছে। বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ইউক্রেনে কথিত যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনও আইসিসির এখতিয়ার ও ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আদালতের পদক্ষেপের বিরোধিতা করেছে। ফলে তিন নেতার অভিন্ন অবস্থান আন্তর্জাতিক বিচারব্যবস্থা ও জবাবদিহির কাঠামোকে দুর্বল করার ঝুঁকি তৈরি করতে পারে। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণের মূল উদ্বেগ এখানেই—যে আন্তর্জাতিক ব্যবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বড় শক্তিগুলোর স্বেচ্ছাচারিতা নিয়ন্ত্রণ এবং ছোট রাষ্ট্রগুলোর অধিকার ও নিরাপত্তা রক্ষার প্রত্যাশায় গড়ে উঠেছিল, সেই ব্যবস্থার সীমাবদ্ধতা কমানোর পরিবর্তে পরাশক্তিরাই যদি নিজেদের সুবিধামতো তার নিয়ম পুনর্নির্ধারণে উদ্যোগী হয়, তবে বিশ্বব্যবস্থার মৌলিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হতে পারে।

এই সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক চীনের কৌশলগত অবস্থান। শি জিনপিং বিশ্বব্যাপী অবাধ ও উন্মুক্ত বাণিজ্য, বহুপক্ষীয় সহযোগিতা এবং স্থিতিশীল সরবরাহব্যবস্থার পক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন। তাঁর বক্তব্যের অন্তর্নিহিত বার্তা স্পষ্ট—যুক্তরাষ্ট্র যখন শুল্ক, নিষেধাজ্ঞা ও প্রযুক্তি নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনৈতিক জাতীয়তাবাদকে প্রাধান্য দিচ্ছে, চীন তখন নিজেকে বিশ্ববাণিজ্যের স্থিতিশীল ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এটি নিছক বাণিজ্যিক বক্তব্য নয়; বিশ্ব অর্থনীতিতে নেতৃত্বের প্রতিযোগিতায় বেইজিংয়ের একটি সুপরিকল্পিত কূটনৈতিক অবস্থান।

অন্যদিকে পুতিনের বক্তব্যে উঠে এসেছে বিশ্ব অর্থনীতির ভরকেন্দ্রের পরিবর্তনের প্রসঙ্গ। তাঁর দৃষ্টিতে, বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনীতির Centre of Gravity ক্রমেই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দিকে সরে যাচ্ছে। এই বক্তব্যের পেছনে বাস্তব অর্থনৈতিক যুক্তি রয়েছে। চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত সক্ষমতা, বাণিজ্য এবং জ্বালানি চাহিদা এই অঞ্চলকে একবিংশ শতাব্দীর অন্যতম প্রধান শক্তিকেন্দ্রে পরিণত করেছে।

চীনের জন্য এই সম্মেলন ছিল আন্তর্জাতিক কূটনীতিতে নিজের মধ্যস্থতাকারী ও নেতৃত্বের অবস্থান প্রতিষ্ঠার সুযোগ। পুতিনের জন্য এটি পশ্চিমা নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্যেও রাশিয়ার পরাশক্তিসুলভ উপস্থিতি পুনঃপ্রদর্শনের মঞ্চ। আর ট্রাম্পের কাছে এটি ছিল চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ তৈরির সুযোগ। তবে তিন দেশের স্বার্থ এক নয়। রাশিয়া ক্রমেই চীনের অর্থনৈতিক প্রভাবের ওপর নির্ভরশীল হচ্ছে; অন্যদিকে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে অর্থনৈতিক ও কৌশলগত সুবিধা বাড়াতে আগ্রহী।

এখানে একটি মৌলিক প্রশ্নও রয়েছে। জাতিসংঘকে শক্তিশালী করার কথা বলা হলেও একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্তৃত্ব সীমিত করার অবস্থান কি বহুপক্ষীয় বিশ্বব্যবস্থাকে শক্তিশালী করবে, নাকি পরাশক্তিদের জবাবদিহির বাইরে রাখার প্রবণতাকে উৎসাহিত করবে? আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার অবশ্যই প্রয়োজন; কিন্তু সেই সংস্কার হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে, ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সুবিধা নিশ্চিত করার জন্য নয়।

২০২৬ সালের এই APEC সম্মেলনের মূল ঘোষণাতেও মুক্ত বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, উদ্ভাবন ও অর্থনৈতিক সংহতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ শেনঝেনের সম্মেলন শুধু তিন নেতার বৈঠক নয়; এটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ অর্থনৈতিক নেতৃত্বের প্রতিযোগিতারও প্রতিফলন।

ইয়াল্টার সঙ্গে শেনঝেনের তুলনা তাই ঐতিহাসিকভাবে আকর্ষণীয় হলেও বাস্তবতার বিচারে সতর্ক থাকা জরুরি। ১৯৪৫ সালে যুদ্ধবিধ্বস্ত ইউরোপের ভাগ্য নির্ধারণে তিন শক্তির যে সামরিক ও রাজনৈতিক সক্ষমতা ছিল, আজকের বিশ্বে সেই ধরনের একচ্ছত্র সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া অনেক বেশি কঠিন। ইউক্রেন, তাইওয়ান, ইউরোপীয় ইউনিয়ন, ভারত এবং গ্লোবাল সাউথের দেশগুলোকে পাশ কাটিয়ে বিশ্বব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণ করা সম্ভব নয়।

পৃথিবীর ইতিহাসের একটি প্রাসঙ্গিক শিক্ষা হলো, শক্তির ভারসাম্য দিয়ে সাময়িক সমঝোতা সম্ভব, কিন্তু ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা ছাড়া স্থায়ী শান্তি প্রতিষ্ঠা অসম্ভব।

বার্ট্রান্ড রাসেলের বিখ্যাত সতর্কবাণী, “Remember your humanity, and forget the rest.”—মানবিকতার কথা স্মরণ রাখো, বাকি সব ভুলে যাও।

বিশ্ব আজ নতুন কোনো ইয়াল্টার অপেক্ষায় নেই; বরং এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থার প্রত্যাশী, যেখানে পরাশক্তির প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা, আধিপত্যের চেয়ে সার্বভৌম সমতা এবং সামরিক শক্তির চেয়ে মানবিক নিরাপত্তা প্রাধান্য পাবে। ম্যানিলা থেকে শেনঝেন—ট্রাম্পের এই কূটনৈতিক সফর এবং তিন পরাশক্তির সম্মিলন বিশ্বরাজনীতির পরিবর্তনশীল সমীকরণকে নতুন করে সামনে এনেছে। এই সম্মিলন নতুন বিশ্বব্যবস্থার সূচনা, নাকি কেবল তিন পরাশক্তির কূটনৈতিক শক্তি প্রদর্শন—তার উত্তর দেবে আগামী দিনের বিশ্বমঞ্চের দৃশ্যমান পদক্ষেপ।

কাজী জিয়া উদ্দিন, কলামিস্ট ও সাবেক ডিআইজি