নতুন আক্রান্ত ১,৪৩৫
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৫ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়: ডা. রফিক
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে তিনজন নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিল। বাকি ছয়জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন শিশুই বরিশাল বিভাগের বাসিন্দা। অন্যদিকে, সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজন ঢাকার, দুজন খুলনার এবং একজন সিলেট বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আরও পড়ুন: অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৩৫ শিশুর মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৮৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২৯১ শিশুর মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
হাম পরিস্থিতি মোকাবিলায় শিশুদের টিকাদান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে স্বাস্থ্য বিভাগ।





