রাজশাহীতে এসিড দিয়ে নারীর মুখ ও শরীর ঝলসে দিল স্বামী
রাজশাহীতে নেশা করতে নিষেধ করায় এক গৃহবধূকে এসিড দিয়ে মুখ ও শরীর পুড়িয়ে দিয়েছে তার স্বামী। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ভূক্তভোগী গৃহবধূ তৃষা খাতুন (২১) কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৫ নভেম্বর রাত থেকে ৬ দিন হাসপাতালের বিছানায় অসহ্য যন্ত্রণা সহ্য করে কোন রকম জীবন বাঁচিয়ে ফিরে এসেছি। হাসপাতালে কারো কোন সহযোগিতা পাইনি, আমি আমার ৪ বছরের মেয়েকে নিয়ে হাসপাতালের যন্ত্রণা সহ্য করেছি, আমার স্বামী আমার কোন খোঁজ খবরও নেয়নি বরং লোক মারফত বলেছে, মামলা দিলে এবার আমাকে মেরে ফেলবে। সে দিনের পর দিন অটো চালিয়ে যে টাকা রোজগার করতো সেগুলো নেশা করেই শেষ করতো।
আরও পড়ুন: কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলনে একজনকে জরিমানা, ৯ জনের বিরুদ্ধে মামলা
আমার বাচ্চা ও আমার জন্য কোন খরচ দিত না। আমি দুইটি বাড়িতে কাজ করে যে টাকা পাই তা দিয়ে বস্তির ঘরের ভাড়া দেই। ঘর ভাড়া দিয়ে কোন রকমে খেয়ে না খেয়ে দিন পার করছিলাম। কিন্তু সে টাকা রোজগার করে পুরোটাই নেশার পেছনে খরচ করে। আমি এসবের প্রতিবাদ করায় আমাকে প্রায়-ই বেধড়ক পেটাতো। সে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চাকরি করা রাজু নামে একজনের সাথে নেশা করে। সর্বশেষ গত ৫ নভেম্বর রাতে ঘরে ফিরলে আমি নেশা করতে আবারও বারণ করি। তখন সে রাগে তার অটোরিকশার ব্যাটারির এসিড নিয়ে আমার মুখে ও গায়ে ঢেলে দেয়৷ সাথে সাথেই আমার মুখের একপাশ এবং শরীরের ভেতরে বিভিন্ন অংশ পুড়ে যায়।
হাসপাতাল থেকে বের হয়ে আজ আমি বোয়ালিয়া থানায় অভিযোগ দিয়েছি। আমি তার শাস্তি চাই ৷ তার উপযুক্ত শাস্তি হলে এরকম এসিড দিয়ে আর কোন মেয়েকে পোড়াতে সাহস করবে না কেউ ৷ আমি এখন এই ছোট্ট বাচ্চা নিয়ে কোথায় যাবো, কি করবো এসব ভেবে দুশ্চিন্তায় দিন পার করছি। তার ওপর মামলা দিয়েছি, সে সুযোগ পেলে আমাকে প্রাণে মেরে ফেলবে।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার, দুই যুবক গ্রেফতার
ভূক্তভোগী তৃষা খাতুন (২১) রাজশাহীর তানোর থানার কামাগাঁও ইউনিয়নের মালশিরা গ্রামের শাহীন আলীর মেয়ে ৷ আলেয়া নামে ৪ বছর বয়সের একটি শিশুকণ্যা রয়েছে তার। পাঁচবছর আগে একই গ্রামের মৃত সেকেন আলীর ছেলে
শহিদুল ইসলাম (৩২) এর সাথে তার প্রেম করে বিয়ে হয় ৷ শহিদুল বর্তমানে রাজশাহী শহরে অটোরিকশা চালায় । তারা নগরীর দড়িখরবোনা রেলগেটের কাছে শাহীন বস্তির একটি ঘরভাড়া নিয়ে বসবাস করে।
জানতে চাইলে অটোরিকশা চালক শহিদুল বলেন, ‘নেশা করা বিষয়টি সত্য নয়, বিভিন্ন বিষয়ে আমার সাথে ঝামেলা করতো, আমার কথা শুনতো না, আমাকে ঘর থেকে বের করে দিত, তাই এসিড মেরেছি’।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মাসুমা মুস্তারী বলেন, গতকাল তৃষার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহন করা হয়েছে ৷ তদন্ত চলছে, তদন্ত শেষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।





