ট্রেনে ঈদ যাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি আজ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ন, ১৪ মে ২০২৬ | আপডেট: ৮:৫৩ পূর্বাহ্ন, ১৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার দ্বিতীয় দিনের ভ্রমণের জন্য ২৪ মে’র ট্রেনের টিকিট বৃহস্পতিবার (১৪ মে) থেকে অনলাইনে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট পাওয়া যাবে।

আরও পড়ুন: ঢাবিতে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন

ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এর আগে ২৩ মে’র টিকিট বিক্রি করা হয় ১৩ মে। এছাড়া ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে।

রেলওয়ে জানিয়েছে, টিকিট কালোবাজারি ও অবৈধ বিক্রি ঠেকাতে শতভাগ আসনের টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে। একজন যাত্রী ঈদযাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে অগ্রিম কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি ঘোষণা

এদিকে যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এ সুবিধা উচ্চ শ্রেণির যাত্রীদের জন্য প্রযোজ্য নয়।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেনের টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে।