১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২১ অপরাহ্ন, ১৮ মে ২০২৬ | আপডেট: ৪:০১ অপরাহ্ন, ১৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগে ও পরে মোট ১৩ দিন এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ঈদের দিনসহ আগের ৭ দিন ও পরের ৫ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে হবে।

আরও পড়ুন: আইন সংশোধন করে র‍্যাবকে একটি দায়িত্বশীল বাহিনীতে পুনর্গঠন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে। এদিকে, রোজার ঈদের মতো কোরবানির ঈদেও টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সরকারের ঘোষিত ছুটি অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের অবকাশ থাকবে।

তবে দীর্ঘ ছুটির সমন্বয়ে সরকারি অফিস খোলা থাকবে ২৩ ও ২৪ মে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এই দুই দিন সাপ্তাহিক ছুটির দিন হলেও অফিস কার্যক্রম চালু থাকবে। ঈদকে কেন্দ্র করে সড়কপথে ঘরমুখো মানুষের চাপ বাড়বে বিবেচনায় নিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: গবেষণা ও উদ্ভাবনে জোর দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান