সিভিল এভিয়েশন একাডেমিতে ফান্ডামেন্টাল ট্রেনিং কোর্সের সনদ বিতরণ সম্পন্ন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ন, ২১ মে ২০২৬ | আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিভিল এভিয়েশন একাডেমি কর্তৃক গ্রেড-২০ কর্মচারীদের জন্য প্রথমবারের মতো আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং কোর্স নং-০১” এর সনদ বিতরণ অনুষ্ঠান সম্প্রতি একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দাপ্তরিক আচরণ উন্নয়ন, সেবার মান উন্নতকরণ এবং কর্মক্ষেত্রে শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত কোর্সে মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ২৪ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন এবং অনুষ্ঠানে তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মজিবুর রহমান মিয়াজী, উপ-পরিচালক (এটিএম); জনাব মোহাম্মদ আবিদুল ইসলাম, উপ-পরিচালক (মানব সম্পদ উন্নয়ন ও সাধারণ প্রশিক্ষণ, প্রশাসন অতিরিক্ত দায়িত্ব); এবং রমা রানী বিশ্বাস, সহকারী পরিচালক (প্রশাসন)।

প্রধান অতিথির বক্তব্যে প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, দক্ষ, দায়িত্বশীল ও সেবামুখী জনবল গঠনে মৌলিক প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মচারীদের পেশাগত ভিত্তি আরও সুদৃঢ় করে এবং ভবিষ্যতে সিভিল এভিয়েশন একাডেমি সময়োপযোগী ও মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ

বিশেষ অতিথি মোঃ মজিবুর রহমান মিয়াজী কর্মক্ষেত্রে শৃঙ্খলা, সততা ও দলগত কাজের গুরুত্ব তুলে ধরেন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান জানান।

মোহাম্মদ আবিদুল ইসলাম বলেন, মানবসম্পদ উন্নয়ন যেকোনো প্রতিষ্ঠানের অগ্রগতির মূল চালিকাশক্তি। এই প্রথম ফান্ডামেন্টাল ট্রেনিং কোর্স ভবিষ্যতে আরও বিস্তৃত প্রশিক্ষণ কার্যক্রমের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

রমা রানী বিশ্বাস সফল প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মচারীদের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।