এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে কাজ চলছে: সেতুমন্ত্রী
আসন্ন ঈদুল আজহায় বিপুল সংখ্যক মানুষ ও কোরবানির পশুর যাতায়াত নির্বিঘ্ন রাখতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সবাই সহযোগিতা করলে এবং বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা সম্ভব হবে।
শুক্রবার (২২ মে) কুমিল্লায় বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ছুটির দিনে হেঁটে বিএনপির কার্যালয়ে তারেক রহমান
মন্ত্রী জানান, ঈদকে কেন্দ্র করে প্রায় দেড় কোটি মানুষ এবং এক কোটি কোরবানিযোগ্য পশুকে মাত্র তিন দিনের মধ্যে পরিবহন করা একটি বড় চ্যালেঞ্জ। সরকার সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে।
অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লা সার্কেলের যৌথ ব্যবস্থাপনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১১৯ জনের পরিবারের মাঝে ৪ কোটি ৮৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
আরও পড়ুন: পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
শেখ রবিউল আলম বলেন, দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সবচেয়ে বেশি চাপ সৃষ্টি হয়। এ কারণে এ সড়ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম নেওয়া হয়েছে।
তিনি জানান, সরকারের মহাপরিকল্পনার আওতায় প্রায় ৪০০ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যা ২০৩১ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রায় ৬০০ কিলোমিটার সড়ক ৬ লেন এবং আরও প্রায় ১ হাজার কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।
সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে প্রতিবছর গড়ে প্রায় সাড়ে চার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এর প্রধান কারণ চালকদের অদক্ষতা, ফিটনেসবিহীন যানবাহন ও জনসচেতনতার অভাব। দুর্ঘটনা কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, দুর্ঘটনাপ্রবণ স্থান ও কারণ চিহ্নিত করে আগাম ব্যবস্থা নেওয়ার ফলে দুর্ঘটনার হার কমছে।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মো. জিয়াউল হক, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানসহ কুমিল্লা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





