রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ন, ২৩ মে ২০২৬ | আপডেট: ৬:০১ অপরাহ্ন, ২৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়।

শনিবার (২৩ মে) জারি করা আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর ৪৯২ ধারার বিধান অনুযায়ী ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন পল্লবী থানার মামলা পরিচালনার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২)/৩০ ধারা এবং পেনাল কোডের ২০১ ধারায় দায়ের করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

গত ১৯ মে সকালে রাজধানীর মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে সাত বছর বয়সী শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই ফ্ল্যাটের বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

ঘটনার পর পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, আদালতে সোহেল রানা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।