ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই: রেল সচিব
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেন চলাচলে কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। শনিবার (২৩ মে) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
রেল সচিব বলেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, আমরা তৎপর আছি। বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় করা হচ্ছে। আশা করছি, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী একজন হওয়ায় সমন্বয়ের কোনো ঘাটতি থাকবে না।
আরও পড়ুন: চোরাইপথের পশু নয়, বৈধ উৎসের পশু কোরবানি দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর
ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণ ঠেকাতে বিশেষ নজরদারির কথা জানিয়ে ফাহিমুল ইসলাম বলেন, বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে ছাদে ওঠার প্রবণতা বেশি দেখা যায়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ কারণে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: দেশীয় প্রযুক্তির ইলেক্ট্রিক ভেহিক্যাল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
স্টেশনে টিকিটবিহীন যাত্রী প্রবেশ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে রেল সচিব বলেন, “টিকিট ছাড়া যাত্রীরা যাতে স্টেশনে ঢুকতে না পারে, সে জন্য নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারাই সাধারণত ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।”
তিনি জানান, যাত্রীচাপ সামাল দিতে এবারও ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে। ঈদের সময় ট্রেনের চাহিদা অনেক বেশি থাকায় সব চাহিদা পূরণ করা সম্ভব হয় না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি, মেট্রোপলিটন পুলিশ ও এপিবিএনের সদস্যরা একসঙ্গে কাজ করছেন বলেও জানান তিনি। কমলাপুর স্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকায় ছিনতাই, পকেটমার ও বিশৃঙ্খলা ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে।
রেলসচিব আরও বলেন, যাত্রীরা যেকোনো অভিযোগ, তথ্য বা সহায়তার জন্য রেলওয়ের ১৩১ হটলাইনে যোগাযোগ করতে পারবেন।





