সরকারের ১০০ দিন

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ন, ২৫ মে ২০২৬ | আপডেট: ৮:২৪ অপরাহ্ন, ২৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন খাতের কার্যক্রম, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়েছে। রোববার (২৫ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রেস কনফারেন্সে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

আরও পড়ুন: কন্যাসন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবার আবেদন

বক্তব্যে জানানো হয়, সরকারের প্রথম ১০০ দিনে সামাজিক নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, প্রযুক্তি, অবকাঠামো ও অর্থনৈতিক খাতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ‘ফ্যামিলি কার্ড’ চালু, ক্ষুদ্র কৃষকদের কৃষিঋণ মওকুফ, ‘কৃষক কার্ড’ কার্যক্রম, খাল খনন কর্মসূচি, স্বাস্থ্যখাতে টিকাদান সম্প্রসারণ এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে ডিজিটাল সেবা বৃদ্ধি।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে এবং জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে অপপ্রচার ও সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে সতর্ক অবস্থানের কথাও তুলে ধরা হয়।

আরও পড়ুন: আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে: তৌহিদ হোসেন

শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন পরিশোধ, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন ও নৌ-সার্ভিস চালু, কোরবানির পশুর বাজারে নিরাপত্তা জোরদার এবং হজযাত্রীদের বিমানভাড়া কমানোর মতো উদ্যোগের কথাও উল্লেখ করা হয়।

অর্থনৈতিক খাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলা হয়, মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৭১ শতাংশে নেমে এসেছে। পাশাপাশি বৈদেশিক ঋণ পরিশোধ, রেমিট্যান্স বৃদ্ধি, পাচার হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক চুক্তি এবং এস আলম গ্রুপের সম্পদ জব্দের বিষয়ও তুলে ধরা হয়।

স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা খাতে দ্রুত বিচার, শিশু নির্যাতনের মামলায় দ্রুত চার্জশিট দাখিল এবং সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথাও সংবাদ সম্মেলনে গুরুত্ব পায়।

মাহ্দী আমিন বলেন, সরকার গণতন্ত্র, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনছেন এবং মানবিক নেতৃত্বের উদাহরণ তৈরি করছেন।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য একটি বৈষম্যহীন, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। এজন্য তরুণ ও নারীদের ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

প্রেস কনফারেন্সের শেষাংশে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান।