বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় বিশেষ নিরাপত্তা, ডিএমপির গণবিজ্ঞপ্তি জারি
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আগামী রোববার (৭ জুন) শুরু হতে যাওয়া অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৬ জুন) রাত ১২টা থেকে সংসদ ভবন ও আশপাশের নির্ধারিত এলাকায় সকল প্রকার অস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং ক্ষতিকর বা দূষণীয় বস্তু বহন নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে কোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ প্রদর্শনও করা যাবে না।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার বেলা ৩টায় সংসদের অধিবেশন আহ্বান করেছেন। এটি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ সময়ব্যাপী হয়ে থাকে। অধিবেশনের মেয়াদ কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে।
আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
ডিএমপি জানায়, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত এবং বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এলাকা বিধিনিষেধের আওতায় থাকবে।
এছাড়া পান্থপথ, গ্রিন রোড, ফার্মগেট, মিরপুর রোড, শ্যামলী মোড়, ধানমন্ডি, রোকেয়া সরণি এবং বিজয় সরণি সংলগ্ন বিভিন্ন এলাকায়ও নিরাপত্তা বিধিনিষেধ কার্যকর থাকবে।
জাতীয় সংসদ ভবন ও এর সংরক্ষিত এলাকা এবং আশপাশের সড়ক ও গলিপথে এই নিষেধাজ্ঞা সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





