দৌলতদিয়া ঘাটে বাসডুবি: কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ন, ০৫ জুন ২০২৬ | আপডেট: ৬:৫৯ অপরাহ্ন, ১২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি ‘করবী’-তে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় কারণ উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণে তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। শুক্রবার (৫ জুন) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ রফিকুল করিম (এনডিসি) কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে থাকবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর একজন করে প্রতিনিধি। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. জাকির হোসেন।

কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, সংশ্লিষ্ট দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে করণীয় বিষয়ে সুপারিশ দিতে বলা হয়েছে। প্রয়োজনে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা নিতে পারবে।

আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন নৌপরিবহন মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ফেরিতে যানবাহন ওঠানোর আগে যাত্রী নামিয়ে দেওয়ার নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।