গন্ধর্বপুর পানি শোধনাগারের কাজ এক বছরের মধ্যে শেষের নির্দেশ মির্জা ফখরুলের

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬ | আপডেট: ৫:৫৯ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর নিরাপদ ও টেকসই পানি সরবরাহ নিশ্চিত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি প্রকল্পের অবশিষ্ট কাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন।

সোমবার ঢাকা ওয়াসা বাস্তবায়নাধীন ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্প’-এর আওতায় নির্মিতব্য গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট পরিদর্শনকালে মন্ত্রী প্রকল্পের সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুন: ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় আধুনিক ও কার্যকর পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্টদের পেশাদারিত্ব, দক্ষতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

রাজধানীর দীর্ঘদিনের পানি সংকটের টেকসই সমাধানে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের পানিসম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি করা প্রয়োজন। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানিসম্পদ সংরক্ষণ সহজ হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম এবং গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সেবার মানোন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

উল্লেখ্য, গন্ধর্বপুর পানি শোধনাগারের প্রথম ধাপ থেকে দৈনিক ৫০ কোটি লিটার এবং দ্বিতীয় ধাপ থেকে আরও ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। প্রকল্পটি পুরোপুরি চালু হলে প্রতিদিন মোট ১০০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকাবাসীর জন্য সরবরাহ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।