আগামীকাল পালিত হবে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল বুধবার (১০ জুন) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বিশ্ব শান্তিরক্ষায় জীবন উৎসর্গকারী ও আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানানোসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এছাড়া দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতারেও বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
আরও পড়ুন: সংসদে ইসলামী ব্যাংক নিয়ে তীব্র বিতর্ক, মন্তব্য ঘিরে উত্তাপ
বাংলাদেশ পুলিশ জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ দীর্ঘদিন ধরে গর্বিত অংশীদার হিসেবে ভূমিকা রেখে আসছে। ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে এ কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ শুরু হয়।
এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১ হাজার ৯২৮ জন নারী পুলিশ সদস্যসহ মোট ২১ হাজার ৮২৮ জন শান্তিরক্ষী ২৫টি দেশে ২৭টি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে হাইতি মিশনে দ্রুততম সময়ের মধ্যে ৫২৫ জন বাংলাদেশি পুলিশ সদস্য যুক্ত হওয়ার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ সুবিধা
বর্তমানে ৮ জন নারীসহ ৩৭ জন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা ইউএনপোল ও জাতিসংঘের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করছেন। ২০০০ সাল থেকে নারী পুলিশ সদস্যরাও নিয়মিতভাবে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছেন।
শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে এ পর্যন্ত ২৫ জন বাংলাদেশি পুলিশ সদস্য শহীদ হয়েছেন এবং ১৫ জন আহত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা বিভিন্ন সংঘাতপূর্ণ ও দুর্যোগপ্রবণ এলাকায় দায়িত্ব পালন করে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন এবং মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। হাইতির ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কার্যক্রমসহ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন মিশনে তাঁদের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হলেও এ বছর সরকারি ছুটির কারণে তা ১০ জুন পালন করা হচ্ছে।





