চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ, প্রজ্ঞাপন জারি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ন, ০৯ জুন ২০২৬ | আপডেট: ৪:৪৯ অপরাহ্ন, ০৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়। নিয়োগপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো—পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এম হেমায়েত জাহান। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমান উপাচার্য অধ্যাপক কাজী রফিকুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দিয়ে তার মূল পদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। বিদায়ী উপাচার্য মো. শহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজ কর্মস্থলে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আখতার। একইসঙ্গে বর্তমান উপাচার্য অধ্যাপক এস এম হাসান তালুকদারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার মূল পদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আইজিপিসহ ৪ কর্মকর্তার সফর অনুমোদন

অন্যদিকে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ হানিফ। তিনি নবপ্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বে ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত চার উপাচার্যের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর পর্যন্ত কার্যকর থাকবে।