গণমাধ্যম ব্যবসাকেন্দ্রিক হয়ে পড়েছে: মির্জা ফখরুল
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো ক্রমেই ব্যবসাকেন্দ্রিক হয়ে পড়ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগের বিষয়।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাব-এ জিয়াউর রহমান-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
মন্ত্রী বলেন, “মিডিয়ার সমস্যা এখন অনেক বড়। সবচেয়ে বড় সমস্যা হলো মিডিয়া আর শুধু মিডিয়া নেই, এটি অনেক ক্ষেত্রে বিজনেস হাউজের প্রতিনিধিতে পরিণত হয়েছে। চাটুকারিতা কী, তা এখন মিডিয়ার কিছু কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। আমরা গত শাসনামলে দেখেছি কীভাবে চাটুকারিতা হয়েছে। আপনারা এর বিরুদ্ধে লড়াই করেছেন, এখন সেই অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে।”
তিনি আরও বলেন, সাংবাদিকদের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে সরকার তাদের পাশে থাকবে।
আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
আলোচনা সভায় বিএনপি মহাসচিব হিসেবেও বক্তব্য দেন মির্জা ফখরুল। তিনি বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রের বিভিন্ন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশে অবদান রেখেছেন। পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রেও তার অবদান রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুলের মতে, জিয়াউর রহমান আরও দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বাংলাদেশ আরও এগিয়ে যেত। তিনি অভিযোগ করেন, অতীতে তাকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছিল, যদিও তিনি কেবল রাষ্ট্রনায়ক নন, একজন মহানায়ক ছিলেন।
সভায় তিনি আরও বলেন, তারেক রহমান-এর মধ্যে জিয়াউর রহমানের নেতৃত্বের প্রতিফলন দেখা যায় এবং তার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





