আগামীকাল মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি
ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আগামীকাল বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে ঘিরে জেলাজুড়ে প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ জুন মৌলভীবাজার জেলা সফর করবেন। সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া পরে তিনি দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে প্রশাসনের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক এবং সিলেট-মৌলভীবাজার সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। জেলা সার্কিট হাউজ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং জেলা ও শ্রীমঙ্গল শহরের ফুটপাথ দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
আরও পড়ুন: আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চালু রাখতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী
এছাড়া প্রধানমন্ত্রীর যাতায়াতের সম্ভাব্য সড়কগুলো সংস্কার ও পরিষ্কার করা হচ্ছে। সমাবেশস্থল হিসেবে নির্ধারিত ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণ ও সংস্কারের কাজও চলছে।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
অন্যদিকে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা বিএনপির পক্ষ থেকেও প্রয়োজনীয় সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।





