বগুড়ার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনা, গণশুনানি হবে

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ন, ২০ জুন ২০২৬ | আপডেট: ৪:২৭ অপরাহ্ন, ২২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নবগঠিত কয়েকটি ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে সরকার পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জেলা প্রশাসকের কাছে নির্দেশনা সম্বলিত একটি চিঠি পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের স্বাক্ষরিত চিঠি পাওয়া গেছে। চিঠিতে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত গ্রহণ, এলাকার ইতিহাস–ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

তিনি আরও বলেন, চিঠি পাওয়ার পরপরই জেলা প্রশাসন প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। গণশুনানির মাধ্যমে নতুন নাম নির্ধারণ করা হবে এবং পরবর্তী সময়ে তা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে।

এর আগে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে একাধিক নতুন ইউনিয়ন গঠন করা হয়। এসব ইউনিয়নের নামকরণ নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাম পরিবর্তনের প্রক্রিয়া চলমান থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত স্থানীয় মতামতের ভিত্তিতেই নেওয়া হবে।

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ইউনিয়নগুলোর নামকরণ ঘিরে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে মূল্যায়ন করা হচ্ছে।

জেলা প্রশাসন বলছে, সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।