বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভিওন গ্রুপের প্রতিনিধিদলের সভা অনুষ্ঠিত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ন, ৩০ জুন ২০২৬ | আপডেট: ৩:৪৩ অপরাহ্ন, ৩০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে মঙ্গলবার ( ৩০ জুন) ভিওন গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সভা অনুষ্ঠিত হয়। ভিওন গ্রুপের চেয়ারম্যান অগি ফাবেলার নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা খাতে বিনিয়োগ, প্রযুক্তিনির্ভর পেমেন্ট সেবা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কাঠামো বিষয়ে মতবিনিময় করা হয়। ভিওন গ্রুপ বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে তাদের আগ্রহ ও পরিকল্পনার বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অবহিত করে।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে ইসির প্রস্তুতি শুরু: সংসদে মির্জা ফখরুল

আলোচনায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা পিএসপি এবং ডিজিটাল ব্যাংকিং সংশ্লিষ্ট লাইসেন্সিং ও নিয়ন্ত্রক বিষয়াদি স্থান পায়। ভিওন গ্রুপ জানায় যে তারা ইতোমধ্যে পিএসপি লাইসেন্সের জন্য আবেদন করেছে এবং বাংলাদেশে বৃহত্তর ডিজিটাল আর্থিক সেবা ইকোসিস্টেমে অংশগ্রহণের জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে আগ্রহী।

সভায় একটি বিদ্যমান ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডিং কাঠামো, সম্ভাব্য অংশীদারিত্ব এবং সংখ্যাগরিষ্ঠ শেয়ারধারী হিসেবে অংশগ্রহণের বিষয়ে ভিওন গ্রুপের আগ্রহ নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে উপযুক্ত করপোরেট কাঠামো, প্রযোজ্য আইন, নিয়ন্ত্রক শর্তাবলি এবং প্রয়োজনীয় অনুমোদন অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা : কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় যে দেশের আর্থিক খাতে নিরাপদ, স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে সহায়ক ভূমিকা পালন করে থাকে। এ প্রেক্ষিতে, প্রযোজ্য আইন, বিধিবিধান ও নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে ভিওন গ্রুপের সংশ্লিষ্ট আবেদন ও উদ্যোগসমূহ সর্বোচ্চ অগ্রাধিকার এবং দ্রুততার সঙ্গে বিবেচনা করা হবে।

সভায় সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং প্রযোজ্য নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়। বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক খাতে উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে নিরাপদ ও নিয়মতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।