বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রস্তুতি নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের বন্যাকবলিত এলাকায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন।
শনিবার (১১ জুলাই) সকালে কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
কৃষিমন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলার কৃষিজমি, ফসল ও কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতির ধরন অনুযায়ী কৃষকদের বীজ, সার, কৃষি উপকরণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে তারা দ্রুত কৃষিকাজে ফিরতে পারেন।
তিনি আরও বলেন, কৃষকের উৎপাদন অব্যাহত রাখা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সবসময় আন্তরিক। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের বিষয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের লুটপাটের সংস্কৃতি অনেকের মধ্যে এখনও রয়ে গেছে। তবে সবাইকে বুঝতে হবে, প্রধানমন্ত্রী নিজেই বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি নিয়মিত তদারকি করেন। তাই এ কর্মসূচিতে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





