এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি ঘোষণা
দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতা চললেও চট্টগ্রামসহ পাঁচ জেলা ছাড়া দেশের সব এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সোমবার (১৩ জুলাই) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামসহ পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত আগের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকবে। তবে দেশের অন্য সব শিক্ষা বোর্ডের অধীনে নির্ধারিত পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ঢাবিতে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার্থীদের আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অভিভাবকদেরও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হয়েছে।
দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতার কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হলেও শিক্ষা বোর্ডগুলো সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
আরও পড়ুন: অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
পরীক্ষা সংক্রান্ত যেকোনো নতুন সিদ্ধান্ত হলে তা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।





