গাজী নজরুলের এমপি পদ নিয়ে সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: ইসি
রাজনৈতিক দল থেকে বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
আব্দুর রহমানেল মাছউদ বলেন, জাতীয় সংসদের পক্ষ থেকে প্রয়োজনীয় রেফারেন্স বা চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশন বিষয়টি আইন ও সংবিধানের আলোকে পর্যালোচনা করবে। সংবিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে তার আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। তবে কোনো রাজনৈতিক দল তাদের সদস্যকে বহিষ্কার করলে শুধুমাত্র সেই কারণে সংসদ সদস্য পদ বাতিলের সুযোগ নেই।
তিনি আরও বলেন, স্পিকারের মাধ্যমে জাতীয় সংসদ থেকে নির্দিষ্ট নির্দেশনাসহ চিঠি এলে নির্বাচন কমিশন আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
আরও পড়ুন: DfT অডিটে বাংলাদেশের বিমানবন্দর নিরাপত্তায় অগ্রগতি
এদিকে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। চলতি বছরের অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে। নতুন করে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই ভোটগ্রহণ শুরু করতে চায় কমিশন।
তিনি জানান, আবহাওয়া পরিস্থিতি, সরকারি বিভিন্ন পরীক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ চূড়ান্ত করা হবে।





