ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুলের
জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে।’ তিনি অভিযোগ করেন, যারা নিজেদের অবস্থান পরিবর্তন করেছে, তারাই এখন বেশি অপকর্মে জড়িত। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর তথ্য ভবনে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার গঠনের পর গত পাঁচ মাসে সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। তার দাবি, আগের মতোই ঘুষ ও দুর্নীতি অব্যাহত রয়েছে। পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিবর্তন বলতে কেবল তারেক রহমান, তিনি চেষ্টা করছেন সমাজ পরিবর্তনের। সবাই মিলে তাকে সহযোগিতা করতে হবে।’
আরও পড়ুন: আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের মানুষের জীবনমানের প্রত্যাশিত উন্নয়ন না হওয়া দুর্ভাগ্যজনক। ক্ষমতায় গেলে ক্ষমতাসীনদের মধ্যে ক্ষমতা ধরে রাখার একটি প্রবণতা কাজ করে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিবের ভাষ্য, এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের লক্ষ্যেই জুলাই আন্দোলনে তরুণরা রক্ত দিয়েছেন। তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগের চেতনা ধারণ করে সমাজ পরিবর্তনের উদ্যোগ না নেওয়া হলে সেই ত্যাগ বৃথা যাবে। বিএনপি সমাজ পরিবর্তনের লক্ষ্যেই কাজ করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: কোনো চক্রের প্রভাব না দেখে মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী
একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবসা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা আন্দোলনের চেতনা, আত্মত্যাগের মূল্যায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।





