নদীদূষণ রোধে সমন্বিত ও কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
নদীদূষণ রোধে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের নদীগুলোর দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং এখনই কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহির মুখোমুখি হতে হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।
আরও পড়ুন: প্রাথমিক ও গণশিক্ষা সচিব হলেন মিজ জেসমিন নাহার
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে বুড়িগঙ্গাসহ রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তার কার্যকর বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, শুধু পরিকল্পনা প্রণয়ন করলেই হবে না, তার বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। নদী ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুন: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান
বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং রাজধানী-সংলগ্ন অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সমাধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় শিল্পকারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীদূষণের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।





