তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, সেবা নিশ্চিতের নির্দেশ
রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরিদর্শনকালে থানায় সেবা নিতে আসা ভুক্তভোগী সাধারণ মানুষের অভিযোগ দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন তেজগাঁও থানা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামো এবং সাধারণ নাগরিকদের পুলিশি সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
আরও পড়ুন: তারেক রহমানের নেতৃত্বে নতুন করে বাংলাদেশ গড়ব: মঈন খান
পরিদর্শনকালে থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। থানা ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা এবং পুলিশ সদস্যদের আবাসন ব্যারাক ও ডাইনিং স্পেস (মেস) ঘুরে দেখেন।
ব্যারাক পরিদর্শনের সময় পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের খাবারের মান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে থানায় কর্মরত পুলিশ সদস্যদের নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সময়সূচি এবং কাজের পরিবেশ সম্পর্কেও খোঁজখবর নেন।
আরও পড়ুন: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পরিদর্শনের একপর্যায়ে থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলেন সালাহউদ্দিন আহমদ। জিডি (সাধারণ ডায়েরি) বা অভিযোগ জমা দিতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা ধৈর্যসহকারে শোনেন তিনি।
পরে ভুক্তভোগীদের অভিযোগ দ্রুততম সময়ে এবং স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “পুলিশের মূল কাজই হলো জনগণের সুরক্ষা ও সেবা দেওয়া। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও ভরসাস্থল হতে হবে।”
নাগরিকরা যেন কোনো ধরনের ভয় বা সংকোচ ছাড়াই থানায় এসে নিজেদের সমস্যার কথা সরাসরি জানাতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাগরিকদের পুলিশি সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হয়রানি বা মধ্যস্থতার সুযোগ থাকা উচিত নয়। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশকে আরও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





