লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার মোহাম্মদ আব্দুল মুহিত
লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুল মুহিত। ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আরও পড়ুন: ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, নতুন আইনের খসড়া অনুমোদন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ আব্দুল মুহিতের অব্যবহৃত অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও এর সঙ্গে সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে গ্রেড-১ মর্যাদায় হাইকমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুল মুহিত।
আরও পড়ুন: টেকসই উন্নয়নে অংশীদারিত্ব জোরদারের আহ্বান এফএইচের
এতে আরও উল্লেখ করা হয়, তার এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।





