রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম জেলা সফর হিসেবে নিজ জেলা ঠাকুরগাঁও যাওয়ার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে আগামী ৩০ ও ৩১ আগস্ট নির্ধারিত ওই সফরটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক।
আরও পড়ুন: জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার
জেলা প্রশাসক জানান, রাষ্ট্রপতির আগামী ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফরের সূচি ছিল। অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। তবে আগামী এক থেকে দুই দিনের মধ্যে নতুন করে সফরের তারিখ নির্ধারণ হতে পারে।
এর আগে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কাছে পাঠানো চিঠিতে দুই দিনের সফরের বিষয়টি জানানো হয়েছিল। ওই সফরকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি নেওয়া, রাষ্ট্রপতির আবাসন ও যানবাহনের ব্যবস্থা করাসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
মঙ্গলবার সফর স্থগিতের খবর আসায় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম জেলা সফর আপাতত হচ্ছে না।
নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির প্রথম সফর ঘিরে স্থানীয়দের মধ্যে আগে থেকেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।





