সব মন্ত্রণালয়-দপ্তরে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
সরকারি সেবা ও প্রশাসনিক কার্যক্রমে দুর্নীতি নিয়ন্ত্রণে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বর্তমান সরকারের প্রথম সচিব সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া সভা শেষ হয় সন্ধ্যা ৬টার দিকে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্তত ৬১ জন সচিব অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের প্রস্তাব দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব। মন্ত্রিপরিষদ সচিব প্রস্তাবটি গ্রহণ করে এ বিষয়ে দুদককে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠাতে বলেন।
আরও পড়ুন: বৈদেশিক ঋণের বোঝা ভবিষ্যৎ প্রজন্মকেও বহন করতে হবে: অতিরিক্ত প্রেস সচিব
দুদক সূত্র জানিয়েছে, এ বিষয়ে শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠাবে সংস্থাটি। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগকে দুর্নীতিবিরোধী কমিটি গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে। কমিটিগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথাও জানিয়েছে দুদক।





