ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় চতুর্থ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৫ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ছুটির দিনেও স্বস্তি নেই ঢাকার বাতাসে। ক্ষতিকর ধূলিকণার উপস্থিতি বেড়ে যাওয়ায় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ওপরের সারিতে রয়েছে রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান সূচকে শুক্রবার ঢাকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৭৩। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ছিল চতুর্থ অবস্থানে।

আরও পড়ুন: শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

একই সময়ে ২১০ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। ১৮৭ স্কোর নিয়ে মালয়েশিয়ার আরেক শহর কুচিং ছিল দ্বিতীয় অবস্থানে।

এ ছাড়া পাকিস্তানের লাহোর ১৮৪ স্কোর নিয়ে তৃতীয় এবং ভারতের কলকাতা ১৬০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিল।

আরও পড়ুন: সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষ দশে থাকা অন্যান্য শহরগুলোর একিউআই স্কোর ছিল ১০৩ থেকে ২১০-এর মধ্যে।

কোন মাত্রার বায়ু কতটা ঝুঁকিপূর্ণ

আন্তর্জাতিকভাবে প্রচলিত বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসকে ‘ভালো’ হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা ‘মাঝারি’ মানের বাতাস।

স্কোর ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। সেই হিসাবে শুক্রবার ঢাকার ১৭৩ একিউআই স্কোরের বাতাস সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, একিউআই ২০১ থেকে ৩০০-এর মধ্যে পৌঁছালে বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে চলে যায়।

এ ধরনের দূষিত পরিবেশে শিশু, বয়স্ক ব্যক্তি ও শারীরিকভাবে অসুস্থদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এমন পরিস্থিতিতে তাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পাশাপাশি অন্যদেরও খোলা জায়গায় শারীরিক কর্মকাণ্ড সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন।