বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়েছে সরকার। নতুন প্রজ্ঞাপনে কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন প্রজ্ঞাপনটিতে সই করেন।
নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা এবং আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।
তবে মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন ভাড়া শুধু ডিজেলচালিত বাস ও মিনিবাসের জন্য প্রযোজ্য হবে। গ্যাসচালিত যানবাহনের ক্ষেত্রে এই ভাড়া কার্যকর হবে না।
আরও পড়ুন: মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসে আসন পুনর্বিন্যাস করা হলে সেই অনুযায়ী ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ধরনের ভাড়া কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
এ ছাড়া যাত্রীদের সুবিধার্থে প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর বিআরটিএ সিটি সার্ভিসে কিলোমিটারপ্রতি ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্তে তিন ধরনের রুটেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।
নতুন ভাড়া কার্যকরের মাধ্যমে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া সংক্রান্ত আগের সব প্রজ্ঞাপন ও আদেশ বাতিল করা হয়েছে।





