বিকেলে বিএনপির শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩৮ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টার পর তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের সমাধিতে যান। সেখানে তাঁরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করা হয়।

আরও পড়ুন: শ্রীময়ী রীতা রানীকে মারধরের অভিযোগ, যা জানাল ডিএমপি

এদিকে দিবসটি উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। শনিবার বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে হেঁটে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।

আরও পড়ুন: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, নয়াপল্টন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রম করবে। এরপর বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে কর্মসূচি শেষ হবে।

শোভাযাত্রায় তারেক রহমানের অংশগ্রহণকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন প্রস্তুতি নিয়েছে।