বাজারে বেড়েছে এবার চাল-তেলের দাম

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:২৬ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাম্প্রতিক বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ায় রাজধানীর বাজারে সবজির সরবরাহ কমেছে। এর প্রভাব পড়েছে দামে, বেড়েছে বেশিরভাগ সবজির দাম। পাশাপাশি চাল, ভোজ্যতেল ও মাছের দামও ঊর্ধ্বমুখী। বিশেষ করে নাজিরশাইল ও মিনিকেট চালের দাম কেজিতে ১ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। তবে গত ১৫ দিনের ব্যবধানে মুরগি ও ডিমের দাম কিছুটা কমেছে।

অন্যদিকে, প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানো হলেও বাজারে সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়নি। রাজধানীর অধিকাংশ দোকানেই তেল পাওয়া যাচ্ছে না। কিছু দোকানে আবার আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির বাজারের এমন চিত্র দেখা গেছে।

আরও পড়ুন: দেশের ৬২.৯ শতাংশ মানুষ পাচ্ছেন না নিরাপদ পানি

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা ১০০ থেকে ১২০ টাকা, টমেটো প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, শসা (হাইব্রিড) প্রতি কেজি ১০০ টাকা, শসা (দেশি) প্রতি কেজি ১২০ টাকা, শিম প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, পটল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ১০০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া মুলা প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৯০ টাকা, ফুলকপি (মাঝারি) প্রতি পিস ৫০ টাকা, বাঁধাকপি (মাঝারি) প্রতি পিস ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা, কঁচু প্রতি কেজি ১০০ টাকা, ধন্দুল, চিচিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, শালগম প্রতি কেজি ৮০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

বাড্ডার একটি বাজারে বেসরকারি চাকরিজীবী রহিদুল ইসলাম বলেন, কিছুদিন আগেও সবজির দাম কমে এসেছিল কিন্তু এখন আবার সবজির বাড়তি দাম। আজকের বাজারে বলতে গেলে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই, শুধুমাত্র পেঁপের কেজি ৪০ টাকা, বাকি সব ধরনের সবজি আজকে থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু কিছু সবজি ১০০ টাকারও বেশি। দাম বেশি হওয়ার কারণে এক কেজির সবজি আধা কেজি করে কিনলাম। ‌

রামপুরা বাজারের ক্রেতা সাজ্জাদ হোসেন বলেন, বলতে গেলে শীত মৌসুম শুরু হচ্ছে, এ সময় থাকবে সবজির দাম সবচেয়ে কম। আজকের বাজারে বাড়তি দামে সবজি কিনতে হলো। শীতের সময় সবজির সর্বোচ্চ কম দাম থাকার কথা, অথচ এখনো সবজির দাম ৮০ থেকে ১২০ টাকার ঘরে। ‌

সবজির দাম বৃদ্ধির কারণ জানিয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা খোরশেদ আলম বলেন, কয়েকদিন আগের আকস্মিক বৃষ্টির কারণে ফসলের ক্ষেতে সবজিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে গেছে, যে কারণে সবজির দাম বাড়তি চাচ্ছে। তবে সব সময় এটা থাকবে না।

মাছের বাজারে গিয়ে দেখা যায়, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজি দরে। চাষের কই ২৮০, বায়লা ৩২০, ছোট পাঙ্গাস ২০০ এবং বড় পাঙ্গাস ২৭০ টাকা কেজি। কাতলা মাছের দাম ৩০০ টাকা থেকে শুরু আর বড় আকারের কাতলা কিনতে গুনতে হচ্ছে অন্তত ৫০০ টাকা কেজি।

এ ছাড়া ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, গলদা চিংড়ি ৮০০, শোল মাছ ৬০০, টেংরা ৫৪০, পাবদা ৩৮০, চাষের শিং ৩০০, পোয়া ৩৫০ এবং মিরকা মাছ ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার অন্যান্য দিনের চেয়ে মাছের দাম একটু বেশি থাকে। ১০ থেকে ২০ টাকা তফাৎ থাকে। আর মাছের দাম গত সপ্তাহে তুলনায় বেশি কমেনি আবার বেশি বাড়েনি। দাম বাড়লে আমাদের সমস্যা হয়। বেশি পুঁজি লাগে।

দেশি ও সামুদ্রিক মাছের মধ্যে আইড় মাছের দাম ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা। বাইন মাছ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা কেজি দরে। দেশি শিং মাছের কেজি ১ হাজার টাকা। আর সাগরের পাঙ্গাস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা কেজি দরে। তবে, অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। অপরদিকে ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগির কেজি ৩৩০ টাকা।

রায়ের বাজারের রবিন মাংস বিতানে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। প্রতি ডজন ডিমের দাম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।