বিএনপি পাল্টা কর্মসূচি ঘোষণা, নির্বাচনী ইশতেহার প্রকাশের প্রস্তুতি জোরদার
আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু এবং জুলাই সনদের আইনির ভিত্তিতে সংসদ নির্বাচনসহ কয়েকটি অভিন্ন দাবিতে আগামী বৃহস্পতিবার থেকে মাঠে নামছে জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের দুই অংশ। প্রাথমিকভাবে দলগুলো ঢাকাসহ সারা দেশে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং পরবর্তীতে নতুন কর্মসূচি ঘোষণা করবে।
আরও পড়ুন: মারা গেছেন সাবেক এমপি সেলিমা আহমাদ
এই প্রেক্ষাপটে বিএনপি পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে। দলের লক্ষ্য—আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী আমেজ তৈরি করা। সূত্রের মতে, প্রার্থী বাছাই, দলীয় ৩১ দফা, ইতিবাচক কাজের প্রচার, নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা ও ভোট চাওয়াসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। নির্বাচনী ইশতেহার তৈরির কাজও চলমান।
আরও পড়ুন: ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর শোক
সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশ নেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “যারা কর্মসূচি ঘোষণা করেছে, তাদের অধিকার আছে। তারা যদি রাজনৈতিক কৌশল নেয়, বিএনপি তার জবাব দেবে রাজনৈতিক মঞ্চ থেকেই।”
বৈঠকে নেতারা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ফেব্রুয়ারির প্রথমার্ধ হলেও এখনই পুরো দলকে নির্বাচনমুখী করতে জোর দেন। ৩১ দফার ভিত্তিতে নির্বাচনী ইশতেহার প্রণয়নের কাজ চলছে এবং প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্র থেকে প্রার্থীদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব এড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।





