যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে, নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আমাদের সামনে একটাই লক্ষ্য—যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
আরও পড়ুন: বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
তিনি বলেন, সমগ্র বাংলাদেশে ধানের শীষের যত নেতাকর্মী আছেন, যারা আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চান, তাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের প্রত্যেকটি মানুষকে, শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি সৈনিককে অত্যন্ত সচেতন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে, তাদের ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে, জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে—সে ব্যাপারে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির এ ত্রি-বার্ষিক সম্মেলনে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। বিকেলে এই সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বক্তব্য রাখেন।





