২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হিসেবে নিবন্ধিত হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আরও পড়ুন: আপিল বিভাগে সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল, মুক্তিতে আইনি বাধা নেই
সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান দেশে ফিরবেন। দেশে ফেরার পর শনিবার (২৭ ডিসেম্বর) তার ভোটার কার্ড তৈরির জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম শুরু করা হবে।
এর আগে বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল।
আরও পড়ুন: ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির
বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
প্রসঙ্গত, দীর্ঘদিন পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ইতোমধ্যে জানিয়েছেন। তবে এখনো ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হয়।





