নির্বাচন করবেন না মাহফুজ আলম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচন করবেন না বলে জানিয়েছেন তার ভাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।
রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মাহবুব আলম। তিনি জানান, মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তার এতে কোনো সম্মতি নেই এবং তিনি মনোনয়নপত্র জমা দেবেন না।
আরও পড়ুন: সন্ধ্যায় ঢাকায় এনসিপির বিক্ষোভ মিছিল
মাহবুব আলম বলেন, “কেউ একজন আবেগবশত মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এতে তিনি বিব্রত হয়েছেন। তিনি নির্বাচন করবেন না এবং মনোনয়নপত্রও জমা দেবেন না।” তিনি আরও জানান, ইসলামী সমমনা জোট থেকে এনসিপির প্রার্থী হিসেবে তিনি নিজেই লক্ষ্মীপুর-১ আসনে নির্বাচন করবেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে মাহফুজ ও মাহবুব আলমসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
অন্যান্য প্রার্থীরা হলেন— সদ্য বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, বাসদের মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আল-আমিন, বাংলাদেশ মুসলিম লীগের রেজাউল করিম, বিএনপি নেতা হারুনুর রশিদ, গণঅধিকার পরিষদের মো. কাউছার আলম, স্বতন্ত্র এমএ আউয়াল, জাকির হোসেন, এনডিএমের আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী এমএ গোফরান।





