‘নারীদের ঘরে আটকে রাখতে চায় একটি রাজনৈতিক দল’

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:০৪ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় নির্বাচনী প্রচারণার সময় একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তারেক রহমান বলেন, সরকার গঠন করতে পারলে বিএনপির প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন করা। এ কাজে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এগোতে হবে। শুধুমাত্র একটি শ্রেণি বা গোষ্ঠীকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয়।

তিনি বলেন, দেশের প্রায় ২০ কোটি জনসংখ্যার অর্ধেকই নারী। নারী সমাজকে পেছনে রেখে যতই উন্নয়ন পরিকল্পনা নেওয়া হোক না কেন, দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এ কারণেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন।

আরও পড়ুন: বরিশাল যাচ্ছেন তারেক রহমান, সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

তারেক রহমান অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দলের নেতা প্রকাশ্যেই বলেছেন তারা কোনোভাবেই নারী নেতৃত্বে বিশ্বাস করেন না। কর্মজীবী নারীদের নিয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা এ দেশের মানুষের জন্য লজ্জাজনক ও কলঙ্কের।

তিনি আরও বলেন, দেশের প্রায় ৫০ লাখ নারী গার্মেন্টস শিল্পে কাজ করে সংসারের উপার্জনে ভূমিকা রাখছেন। অথচ ওই রাজনৈতিক দলের নেতা নারীদের প্রকাশ্যে অসম্মান করেছেন।

আরও পড়ুন: আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড

সমাবেশে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা (রা.)-এর উদাহরণ টেনে তারেক রহমান বলেন, বিবি খাদিজা (রা.) ছিলেন একজন কর্মমুখী নারী ও সফল ব্যবসায়ী। অথচ আজ একটি রাজনৈতিক দল নারীদের ঘরে বন্দি করে রাখতে চায়—এটি অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, যে দলের নেতারা নারীদের নিয়ে এমন ভাষায় কথা বলতে পারে, তারা ক্ষমতায় গেলে নারীদের কীভাবে অপমান করবে তা সহজেই অনুমেয়। এর ভয়াবহ উদাহরণ ১৯৭১ সালে দেখা গেছে, যখন লাখ লাখ মা-বোনকে ওই দলের পূর্বসূরিরা নির্যাতন করেছিল।

জামায়াত আমিরকে উদ্দেশ করে তারেক রহমান বলেন, নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের পর সমালোচনা শুরু হলে তারা বলছে আইডি হ্যাক হয়েছে। অথচ বিশেষজ্ঞরা বলেছেন এভাবে আইডি হ্যাক হওয়া সম্ভব নয়। নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যা তথ্য উপস্থাপন করে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে।

তিনি বলেন, যারা মিথ্যা বলে তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। তাদের দরদ কেবল নিজেদের লোকদের জন্য, দেশের মানুষের জন্য নয়।