দোয়া চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সংসদে গিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতে চান এবং দেশব্যাপী মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আগ্রহী।
মঙ্গলবার রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, “আপনারা দোয়া করবেন যেন সংসদে গিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি। তাহলে পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করা যাবে এবং যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত, তাদের আইনের আওতায় এনে কঠোরভাবে দমন করা সম্ভব হবে।”
আরও পড়ুন: শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী
এ সময় নাম উল্লেখ না করে তিনি ওই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে ইঙ্গিত করে বলেন, ঢাকা-৮ এলাকায় একটি মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনের সময় কর্মীদের হাতে অস্ত্র ও মাদক তুলে দেওয়া থেকে বিরত থাকুন। মাদকাসক্ত কর্মীরা একসময় নিজের নেতার জন্যও ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “নির্বাচনের সময় কাউকে মাদক, কাউকে অস্ত্র দেওয়া হয়। ১২ তারিখ আপনারা মাদক ও অস্ত্রের বিরুদ্ধে ভোট দেবেন। অনেক হয়েছে, সন্ত্রাসী কার্যক্রম আর সহ্য করা হবে না।”
আরও পড়ুন: গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
নিজের প্রতি হুমকির অভিযোগ তুলে ধরে তিনি বলেন, “আমরা বিভিন্নভাবে হুমকি পাচ্ছি। বলা হচ্ছে আমাদের ওপর হামলা করা হবে। এবার আমরা সংগঠিতভাবে প্রতিরোধ গড়ে তুলবো।”
এর আগে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসব উপলক্ষে নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় তার ওপর ডিম নিক্ষেপের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সেখানে হামলার শিকার হয়েছি। বারবার এ ধরনের ঘটনার শিকার হওয়া সম্ভব নয়। ভবিষ্যতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনগতভাবেই তার জবাব দেওয়া হবে।”





