স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৫৬ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর প্রতি জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে স্বাধীনতার ইতিহাস বিকৃতির চেষ্টার অভিযোগ তুলে তিনি এমন রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজারের উখিয়ার কোটবাজারে ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন: গ্রেপ্তারের দাবিতে জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে সত্যিকার অর্থে বিশ্বাস করতে হলে মুক্তিযুদ্ধে নিজেদের অবস্থান নিয়ে জাতির কাছে ক্ষমা চাওয়া জরুরি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের মধ্যে অনুতাপ বা আত্মসমালোচনার কোনো প্রকাশ দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, স্বাধীনতার ইতিহাস নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়। স্বাধীনতার প্রশ্নে সাধারণ মানুষ কখনোই এমন রাজনীতিকে সমর্থন করবে না বলেও তিনি সতর্ক করেন।

আরও পড়ুন: ‘আগেই ভালো ছিলাম’ ন্যারেটিভে সাধারণকে উস্কানির চেষ্টা

বিএনপির এই নেতা বলেন, সম্প্রতি স্বাধীনতার সূচনালগ্ন নিয়ে বিকল্প ব্যাখ্যা দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এ ধরনের বক্তব্য ইতিহাস বিকৃতির শামিল বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, যারা একাত্তরে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, পাক-হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে এবং সংখ্যালঘু ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত ছিল—তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। আজও তারা নানা ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

পথসভায় তিনি কক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, সীমান্তবর্তী উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত এই আসনে শাহজাহান চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও দলের জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।