নানার বাড়ির এলাকায় গিয়ে ভোট চাইলেন তারেক রহমান
দিনাজপুরের বিরামপুরে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে আবেগঘন বক্তব্যের মধ্য দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নানাবাড়ির মানুষ হিসেবে ভোটের ‘উপহার’ চান তিনি, যার জবাবে জনতা হাত নেড়ে সমর্থন জানায়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টায় বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আরও পড়ুন: ক্ষমতায় এলে চাঁদাবাজি-ঘুষের সাহস পাবে না কেউ: জামায়াত আমির
বক্তব্যের শুরুতেই তিনি বলেন, বহু বছর পর নানাবাড়িতে আসার সুযোগ হয়েছে। নাতি হিসেবে এসেছেন উল্লেখ করে হাস্যরসের মাধ্যমে তিনি বলেন, নানাবাড়ির মানুষের কাছ থেকে এবার ভোটই উপহার চান। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বানে উপস্থিত জনতা হাত নেড়ে সম্মতি জানান।
তারেক রহমান বলেন, গত ১৬ বছরে রাজনৈতিক অধিকার আদায়ের জন্য বিএনপির অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। এখন সেই অধিকার প্রয়োগের সুযোগ এসেছে। তিনি বলেন, মুসলমান, হিন্দু, আদিবাসী, খ্রিষ্টান ও বৌদ্ধ—সব জনগোষ্ঠী একসঙ্গে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরিবর্তনের পথে হাঁটবে।
আরও পড়ুন: বুলেটের রাজনীতির জবাব ব্যালটেই দেবে জনগণ: হাসনাত আবদুল্লাহ
তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। নারীদের অধিকার, তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাত অবহেলিত ছিল। রাস্তা-ঘাট, হাসপাতাল, স্কুল-কলেজের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, তিনি মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ সৃষ্টি করেছিলেন। বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান তিনি, যার মাধ্যমে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হবে এবং নারীরা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।
নিরাপদ রাষ্ট্র ও মেধাভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, এমন বাংলাদেশ গড়া হবে যেখানে নারীরা সন্ধ্যার পরও নিরাপদে চলাচল করতে পারবেন, তরুণরা নিশ্চিন্তে কাজ করতে পারবেন এবং নাগরিক পরিচয়ের ভিত্তি হবে যোগ্যতা ও দক্ষতা—ধর্ম নয়।
দিনাজপুর অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এখানকার লিচু ও কাটারিভোগ চাল আন্তর্জাতিক বাজারে রপ্তানির উপযোগী। বিএনপি ক্ষমতায় গেলে হিমাগার স্থাপন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির মাধ্যমে এসব পণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে।
জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা এবং জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি।





