বুলেটের রাজনীতির জবাব ব্যালটেই দেবে জনগণ: হাসনাত আবদুল্লাহ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৩১ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমান নির্বাচন একটি অস্তিত্বের লড়াই। একদিকে জনগণ ব্যালটের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে একটি পক্ষ সহিংসতার পথ বেছে নিচ্ছে। এই পরিস্থিতিতে ‘বুলেটের বিপ্লব’কে ‘ব্যালটের বিপ্লব’ দিয়েই মোকাবিলা করা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) খুলনা-৫ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পক্ষে ফুলতলায় আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

আরও পড়ুন: নানার বাড়ির এলাকায় গিয়ে ভোট চাইলেন তারেক রহমান

তিনি বলেন, এই নির্বাচন সহজভাবে আসেনি। ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বহু মানুষকে জীবন দিতে হয়েছে, অসংখ্য মানুষ গুম ও নির্যাতনের শিকার হয়েছে। দীর্ঘ সময় ধরে গোটা দেশ কার্যত একটি উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন ব্যবস্থাপনায় প্রশাসনের ভূমিকা নিয়ে কঠোর ভাষায় কথা বলেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে দিনের ভোট রাতে সম্পন্ন করা হয়েছে, মৃত ব্যক্তির নামে ভোট দেওয়া হয়েছে এবং ‘আমি-ডামি’ নির্বাচন পরিচালিত হয়েছে, যা উপর মহলের নির্দেশেই হয়েছে।

আরও পড়ুন: ক্ষমতায় এলে চাঁদাবাজি-ঘুষের সাহস পাবে না কেউ: জামায়াত আমির

পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, এবারের নির্বাচন তরুণ প্রজন্ম ও শহীদদের আত্মত্যাগের ফল। কোনো পুলিশ সদস্য যেন অবৈধ সুবিধার ফাঁদে না পড়েন, সে বিষয়ে সতর্ক করেন তিনি। একই সঙ্গে ব্যালট বাক্স ভরার চেষ্টা হলে জনরোষ নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলেও হুঁশিয়ারি দেন।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধার হবে। তিনি দুর্নীতিমুক্ত ও তদবিরহীন বাংলাদেশ গড়ার রাজনৈতিক অঙ্গীকারও ব্যক্ত করেন।

গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তার ভাষ্য, অনেক সাংবাদিক সত্য প্রকাশ করতে চান, কিন্তু মালিকানার চাপের কারণে তা পারেন না। একটি গোষ্ঠী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে জনমত বিকৃত করছে বলেও অভিযোগ করেন তিনি।

ডুমুরিয়া ও ফুলতলা এলাকার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, কালো টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। ভোটারদের প্রশ্ন রেখে তিনি বলেন, একদিনের টাকার বিনিময়ে পাঁচ বছরের অধিকার বিক্রি করবেন, নাকি বিনা টাকায় সেবা আদায়ের পথ বেছে নেবেন?

ভোটকে শহীদদের রক্তে অর্জিত পবিত্র আমানত উল্লেখ করে তিনি ভোট কেনাবেচা থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, স্বৈরতন্ত্র শুধু ব্যক্তি নয়, পুরো ব্যবস্থার পরিবর্তন ছাড়া শেষ হবে না।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। ফুলতলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।