সিলেটে আধিপত্য নিয়ে তিন গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১৫

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৯ পূর্বাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৫৯ পূর্বাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেট নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর তেমুখি পয়েন্ট এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: নরসিংদী-১: ভোট লড়াইয়ে বিএনপি-জামায়াত

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তেমুখি পয়েন্ট এলাকায় একটি পথসভায় বসার চেয়ার নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও ও চারুগাঁও গ্রামের কয়েকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা উত্তেজনা ছড়িয়ে সংঘর্ষে রূপ নেয়।

আরও পড়ুন: প্যারোলে মুক্তি না পেয়ে কারাফটকে বাবার মরদেহ দেখলেন কারাবন্দী মিলন মিয়া

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষের কারণে গুরুত্বপূর্ণ সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল ব্যাহত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি শামসুল হাবীব জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করে।

তিনি আরও জানান, বর্তমানে তেমুখি পয়েন্ট এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।