বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৩৭ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ আবেদনের ওপর আগামীকাল চেম্বার বিচারপতির আদালতে শুনানি হতে পারে।

আরও পড়ুন: জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন

এর আগে গত ৩ ফেব্রুয়ারি দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। অপরদিকে ড. এম এ কাইয়ুমের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।

আরও পড়ুন: ফকিরখালী বিএনপির ঘাঁটি, রাজাকারদের সব ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: ড. এম এ কাইয়ুম

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। রিটে কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয় এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

এর আগে নির্বাচন কমিশন ঢাকা-১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম—উভয়ের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছিল।