এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ন, ২৪ মার্চ ২০২৪ | আপডেট: ৫:১১ পূর্বাহ্ন, ২৪ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

১৭ বছর বয়সী তরুণ এনদ্রিকের প্রথম আন্তর্জাতিক গোলে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ম্যাচ জিতল ব্রাজিল। তাতে দলটির নতুন কোচ দরিভাল জুনিয়রের শুরুটাও হলো রঙিন।   

২০০৯ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে এটাই ব্রাজিলের প্রথম জয়। প্রায় ১৫ বছর আগের জয়টাও এসেছিল ১–০ ব্যবধানে, আজকের মতো সেটাও ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

আরও পড়ুন: বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত: আনচেলত্তির ইঙ্গিতে অনিশ্চয়তায় নেইমারের ভবিষ্যৎ

২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে প্রায় ১৩ মাস অন্তবর্তীকালীন কোচ দিয়ে কাজ চালিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এ সময়ে কোচের দায়িত্ব পালন করা রামন মেনেজেস ও ফার্নান্দো দিনিজের কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। দিনিজের অধীনে সর্বশেষ ৩ ম্যাচেই হেরে যায় ব্রাজিল। ৩টি ম্যাচই আবার ছিল ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের।

ওই ৩ হারে দক্ষিণ আমেরিকান অঞ্চলের (কনমেবল) বাছাইয়ের পয়েন্ট তালিকার ছয়ে নেমে যায় রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন: যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অবশেষে গত জানুয়ারিতে দরিভালকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেয় সিবিএফ। দায়িত্ব নেওয়ার প্রায় আড়াই মাস পর তার অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমেই সুখস্মৃতি নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল।

ম্যাচের ৮০ মিনিটে আন্দ্রেয়াস পেরেরার থ্রু বল ধরে ইংলিশ ডিবক্সে ঢুকে পড়েন ভিনিসিয়ুস। এগিয়ে আসা জর্ডান পিকফোর্ডকে চিপ করে পরাস্ত করতে চেয়েছিলেন। তবে পিকফোর্ড তা রুখে দিলে বল চলে যায় পাশে থাকা এনদ্রিকের কাছে। আলতো টোকায় বল জালে জড়িয়ে ব্রাজিলের জয় নিশ্চিত করেন নতুন দিনের বিষ্ময়বালক এন্ড্রিক।