বিশ্বকাপে ইতিহাস গড়ল মিসর, নিউজিল্যান্ডকে হারিয়ে পেল প্রথম জয়
অবশেষে বিশ্বকাপের মঞ্চে জয়ের দেখা পেল মিসর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার (২২ জুন) সকালে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে মোহাম্মদ সালাহর দল।
এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে অংশ নিলেও কোনো ম্যাচে জয় পায়নি মিসর। আজকের ম্যাচের আগে বিশ্বকাপে তাদের খেলা আট ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি আফ্রিকার দেশটি। তবে নবম ম্যাচে এসে সেই আক্ষেপ ঘুচল।
আরও পড়ুন: তিউনিসিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল জাপান
ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি মিসরের। ১৫ মিনিটে ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সালাহরা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মিসর। ম্যাচের ৫৮ মিনিটে মোস্তাফা জিকোর গোলে সমতায় ফেরে দলটি। এরপর ৬৭ মিনিটে অধিনায়ক মোহাম্মদ সালাহ গোল করে মিসরকে এগিয়ে দেন। ৮২ মিনিটে ত্রেজেগে তৃতীয় গোল করলে জয় নিশ্চিত হয় উত্তর আফ্রিকার দেশটির।
আরও পড়ুন: সুইডেনকে উড়িয়ে ব্রাজিলের রেকর্ড ভাঙল নেদারল্যান্ডস
মাত্র ২৪ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় মিসর। সেই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করল সালাহর দল।





