হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬:১৫ পূর্বাহ্ন, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ৭:৫১ পূর্বাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হেক্সা মিশনের স্বপ্ন আবারও অধরাই রয়ে গেল ব্রাজিলের। বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নরওয়ের জয়ের নায়ক ছিলেন তারকা স্ট্রাইকার আলিং হালান্ড, যিনি জোড়া গোল করে দলকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছেন। ব্রাজিলের একমাত্র গোলটি আসে নেইমারের পেনাল্টি থেকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। চতুর্থ মিনিটেই ব্রাজিলের জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

আরও পড়ুন: বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ ৭ গোলদাতা

এরপর ১১তম মিনিটে বক্সের ভেতরে ম্যাথিউস কুনহাকে ট্যাকল করেন নরওয়ের ডিফেন্ডার ক্রিস্টোফার আয়ের। প্রথমে খেলা চালিয়ে যেতে বললেও পরে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রুনো গিমারায়েস। তার নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড।

পেনাল্টি মিসের পর দুই দলই একাধিক আক্রমণ চালালেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ৪০তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শটও নিল্যান্ডের দুর্দান্ত সেভে রুখে যায়। অন্যদিকে প্রথমার্ধের শেষ দিকে নরওয়ের একটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে ব্রাজিলকে রক্ষা করেন গোলরক্ষক অ্যালিসন বেকার। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

আরও পড়ুন: এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টারে ফ্রান্স

দ্বিতীয়ার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল। সেই সুযোগ কাজে লাগিয়ে ৭৯তম মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেডে নরওয়েকে এগিয়ে দেন আলিং হালান্ড।

গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে নরওয়ে। ম্যাচের শেষ দিকে ডি-বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোল করেন হালান্ড। বিশ্বকাপে এটি ছিল তার সপ্তম গোল, যার মাধ্যমে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় উঠে আসেন।

যোগ করা সময়ে ব্রাজিল আরও একটি পেনাল্টি পায়। এবার স্পটকিক থেকে গোল করে ব্যবধান কমান নেইমার। তবে শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি সেলেসাওরা।

২-১ গোলের গুরুত্বপূর্ণ এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে। অন্যদিকে, শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে আরও একবার হতাশ হয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে হলো ব্রাজিলকে।