আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপে নতুন বিতর্ক!

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ৪:০২ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর বিতর্কিত আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ঘিরে ছড়িয়ে পড়া কিছু ই-মেইল। সংবাদমাধ্যমে প্রকাশিত দাবি অনুযায়ী, ওই ই-মেইলে আর্জেন্টিনার জয়কে ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফল’ বলা হয়েছিল। তবে এএফএ এসব বার্তাকে ভুয়া দাবি করে জানিয়েছে, তাদের প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে এবং অনুমতি ছাড়াই সেখান থেকে ই-মেইল পাঠানো হয়েছে।

বিশ্বকাপের শেষ ষোলোতে মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টায় মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচটিতে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই ব্যাপক বিতর্ক তৈরি হয়।

আরও পড়ুন: বিশ্বকাপ জিতলেই মিলবে কোটি টাকা! ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় পুরস্কারের রেকর্ড

এর মধ্যেই আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা কায়ে দাবি করে, ম্যাচ শেষে এএফএর অফিসিয়াল ই-মেইল থেকে কয়েকজন সাংবাদিকের কাছে কিছু বার্তা পাঠানো হয়েছে। ওই বার্তাগুলোতে দাবি করা হয়, আর্জেন্টিনা প্রকৃত অর্থে ম্যাচ জেতেনি; বরং ফলাফল এসেছে ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের’ কারণে। একই সঙ্গে মিসরের ফুটবলারদের পারফরম্যান্সেরও প্রশংসা করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, এএফএর অভ্যন্তরীণ সূত্রের বরাতে ধারণা করা হচ্ছে, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই সাইবার হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

বিষয়টি সামনে আসার পরপরই এক বিবৃতিতে নিজেদের অবস্থান জানায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটি জানায়, তাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে কিছু ই-মেইল পাঠানো হয়েছে বলে তারা শনাক্ত করেছে। তবে এসব বার্তা এএফএর কোনো কর্মকর্তা বা কর্মচারী তৈরি করেননি এবং এগুলোর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনও ছিল না।

এএফএ আরও জানায়, সম্প্রতি তাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো যেকোনো অস্বাভাবিক বার্তা—বিশেষ করে যেখানে কোনো লিংক, ফাইল বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে—সেগুলো উপেক্ষা করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। সংস্থাটি জানিয়েছে, তাদের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আশঙ্কা রয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে মাঠের লড়াইয়েও নাটকীয়তা ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল মিসর। ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে বড় চমকের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে শেষ ১১ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো ব্যবধান কমানোর পর লিওনেল মেসি সমতা ফেরান। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

এই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির দল। বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকাল ৭টায় শেষ চারের টিকিটের লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

অন্যদিকে ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। তার অভিযোগ, ম্যাচ পরিচালনায় আর্জেন্টিনা সুবিধা পেয়েছে। তিনি আরও দাবি করেন, বিশ্বচ্যাম্পিয়নদের টুর্নামেন্টে ধরে রাখতে এবং লিওনেল মেসিকে প্রতিযোগিতায় রাখার জন্য অদৃশ্য চাপ কাজ করেছে। তবে এ অভিযোগের বিষয়ে ফিফা বা ম্যাচ কর্মকর্তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।