অস্ট্রেলিয়া সফরের শুরুতেই বাংলাদেশের ইনিংস ব্যবধানে লজ্জার হার
প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ। সফরটি হতে পারত নিজেদের সামর্থ্য জানান দেওয়ার দারুণ এক সুযোগ। কিন্তু শুরুতেই মিলল হতাশার বার্তা। অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। মাত্র সোয়া দুই দিনে ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে ম্যাচ হেরেছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে কোনোভাবে মান বাঁচিয়েছিল বাংলাদেশ। তার ব্যাটে ভর করে দলটি ২৬৩ রান সংগ্রহ করে। জবাবে অনভিজ্ঞ অস্ট্রেলিয়া একাদশকে চাপে ফেলেও লিড নেওয়া সম্ভব হয়নি। স্পিন সহায়ক হয়ে ওঠা উইকেটেও বড় সময় ধরে সুবিধা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত ৩৫৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া একাদশ। ফলে ৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামে বাংলাদেশ।
আরও পড়ুন: মেসির জোড়া গোলে সান লুইসকে হারিয়ে ইন্টার মায়ামির দাপুটে জয়
দ্বিতীয় দিন শেষে ১৯ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে ছিল সফরকারীরা। তবে তৃতীয় দিনের শুরুতেই সেই অস্বস্তি বড় বিপর্যয়ে রূপ নেয়। বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দেন ক্যাম্পবেল থমসন। আগের দিন বিকেলে দুটি উইকেট নেওয়ার পর তৃতীয় দিনেও নিজের দাপট ধরে রাখেন তিনি। শেষ পর্যন্ত ১১ ওভারে ৮ উইকেট শিকার করেন থমসন। তার বোলিং স্ট্রাইক রেট ছিল মাত্র ৮.২৫। অপর প্রান্ত থেকে কোরি রোকিচ্চিওলি নেন দুটি উইকেট।
বাংলাদেশের ব্যাটিংয়ের অবস্থা ছিল আরও করুণ। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন তানজিদ হাসান তামিম। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। তাদের রান ছিল ৬, ৬, ৫, ২, ৪, ০, ৬, ২, ০ ও ০। ফলে মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।
আরও পড়ুন: ৮৫ রানেই ইতিহাস, ফাইনালে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন গায়ানা
সফরের আগে অবশ্য এমন বিপর্যয়ের কিছুটা ইঙ্গিত মিলেছিল। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষেও ইনিংস ও ৮৫ রানে হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচে দুই ইনিংসেই ২০০ রানের নিচে অলআউট হয়েছিল দলটি। এবার অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের বিপক্ষেও ইনিংস ব্যবধানে হার সেই দুর্বলতাকেই আরও স্পষ্ট করে তুলেছে।
অস্ট্রেলিয়া একাদশের বেশির ভাগ খেলোয়াড়ই আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত মুখ নন। দলে স্যাম কনস্টাস ও জশ ফিলিপ ছাড়া অন্যদের নাম আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মিত দর্শকদের কাছে খুব বেশি পরিচিত নয়। এমন একটি দলের বিপক্ষে সোয়া দুই দিনে ইনিংস ব্যবধানে হারা বাংলাদেশের প্রস্তুতি নিয়ে বড় প্রশ্নই তুলে দিয়েছে।
এর আগে ট্র্যাভিস হেড বলেছিলেন, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়াকে ভালো ক্রিকেট খেলতে হবে। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের এমন পারফরম্যান্সের পর মূল সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে ব্যাটিং-বোলিং—দুই বিভাগেই বড় ধরনের উন্নতি করতে হবে বাংলাদেশকে।





