শেষ মুহূর্তের গোলে হার এড়াল মেসির ইন্টার মিয়ামি

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:০৭ পূর্বাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য সমতা। এরপর দুই দল মিলে চারটি গোল করল, যার তিনটিই এসেছে শেষ ১০ মিনিটে। একপর্যায়ে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত হার এড়িয়েছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। বৃহস্পতিবার মেজর লিগ সকারে (এমএলএস) এফসি সিনসিনাতির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দলটি।

স্পেনের রাজপরিবারের কাছ থেকে ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণের পর এটি ছিল মেসির দ্বিতীয় ম্যাচ। এর আগে নিউইয়র্ক রেড বুলসের কাছে ২-০ গোলে হেরেছিল মিয়ামি। ওই ম্যাচে ভ্রমণক্লান্তির কারণে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন তারকা। তবে সিনসিনাতির বিপক্ষে পুরো ম্যাচ খেলেও গোল কিংবা অ্যাসিস্ট করতে পারেননি তিনি।

আরও পড়ুন: মিরপুর টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম এক ঘণ্টা কোনো দলই গোলের দেখা পায়নি। ৬১ মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। তবে ৮০ মিনিটে কেনজি এমবোমা ডেমের গোলে সমতায় ফেরে সিনসিনাতি। এর ছয় মিনিট পর স্যামুয়েল গিডির গোলে এগিয়ে গিয়ে ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি করে স্বাগতিক দল।

তবে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ায় মেসির দল। নির্ধারিত সময়ের ৯০ মিনিটে বক্সের বাঁ দিক থেকে দূরের পোস্ট লক্ষ্য করে বাঁকানো শটে গোল করেন রিকুয়েলমে ফিলিপ্পি। এমএলএসে নিজের প্রথম গোল করেই ইন্টার মিয়ামিকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা করেন তিনি। এর আগে একই ধরনের অবস্থান থেকে গোল করেছিলেন সুয়ারেজও।

আরও পড়ুন: গ্রিনওয়ে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ফ্যালকনস, শাওনের ঝোড়ো ইনিংসে জয়

ড্রয়ের পর ইস্টার্ন কনফারেন্সে তিন নম্বরে রয়েছে ইন্টার মিয়ামি। দুই নম্বরে থাকা নিউ ইংল্যান্ড রেভোলিউশনের পয়েন্ট ৫৮, যা মিয়ামির চেয়ে দুই বেশি। দুই দলের হাতেই রয়েছে আরও দুটি করে ম্যাচ।

পরবর্তী ম্যাচে নিউ ইংল্যান্ডের মাঠে খেলবে মেসিরা। ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান অর্জনের পাশাপাশি এমএলএস কাপের প্লে-অফে দ্বিতীয় সিড পাওয়ার লড়াইয়েও ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।